সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ।
জানা গেছে, ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পালকে এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে বাছাই করা হয়েছে। এর আগে ২০২৩ সালেও জেলা পর্যায়ে বাছাই করা গুণী শিক্ষকদের তালিকায় তাঁর নাম ছিল।
সম্প্রতি ‘শ্রাবণের মেঘ’ গানের সঙ্গে বিউটি রানী পালের নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়। শিক্ষক, লেখক ও সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটি অংশ তাঁর পাশে দাঁড়িয়ে ব্যক্তিস্বাধীনতা ও সৃজনশীল কর্মকাণ্ডের পক্ষে মত দেন।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার বিষয়টি নয়, দীর্ঘদিনের শিক্ষাকতা ও বিদ্যালয়ে তার অবদানের বিষয়টি বিবেচনায় নিয়েই তাঁকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে। তাঁর পাঠদান পদ্ধতি, বিদ্যালয় পরিচালনা, শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ততা এবং সহশিক্ষা কার্যক্রমে ভূমিকার মতো বিষয়গুলো মূল্যায়ন করা হয়েছে।
তিনি জানান, শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে নির্ধারিত বিভিন্ন সূচকে শিক্ষকদের কার্যক্রম মূল্যায়ন করা হয়। এর ভিত্তিতে উপজেলা, জেলা ও পরবর্তী সময়ে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়ে থাকে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















