জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালের ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। সম্প্রতি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এ তথ্য জানান।
অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, প্রাথমিকভাবে ২০২৭ সালের ২৩ জানুয়ারি সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোন কোন ব্যাচের গ্র্যাজুয়েটরা এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন, কতজন শিক্ষার্থী নিবন্ধন করতে পারবেন এবং কোথায় অনুষ্ঠান হবে এসব বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
উপাচার্য জানান, দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে, ২০১৭ সালের ১৭ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ওই অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সভাপতিত্ব করেন। এতে ১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত স্নাতক (পাস ও সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী ৪ হাজার ৯৩২ জন গ্র্যাজুয়েট অংশ নেন।
দ্বিতীয় সমাবর্তন সামনে রেখে এখন গ্র্যাজুয়েটদের নিবন্ধন, সনদ প্রস্তুত, একাডেমিক পোশাক, অনুষ্ঠানস্থলসহ আনুষঙ্গিক বিষয় নিয়ে কাজ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কোন শিক্ষাবর্ষ পর্যন্ত গ্র্যাজুয়েটরা সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন, তা চূড়ান্ত হলে নিবন্ধনসহ পরবর্তী কার্যক্রম শুরু হবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 




















