ভারতীয় হিন্দি ধারাবাহিকে কার্তিকের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন মহসিন খান। শনিবার সমাজমাধ্যমে বাগদানের খবর জানিয়ে অনুরাগীদের চমকে দিয়েছেন। প্রিয় অভিনেতাকে শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে। কার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেতা?
জানা যায়, অভিনেতার হবু স্ত্রীর নাম তামান্না। অনুষ্ঠানের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে জীবন সঙ্গী খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন তিনি। একাধিক ছবিতে দুই ধরনের পোশাকে দেখা গিয়েছে জুটিকে।
সমাজমাধ্যমে আল্লাহকে ধন্যবাদ জানিয়ে অভিনেতা লেখেন, ‘এই সুন্দরী, পাগল, আত্মবিশ্বাসী, আবেগপ্রবণ মেয়েটি সারাক্ষণ যে হাসছে, খুনসুটি করছে, আশায় বাঁচছে, প্রার্থনায় বাঁচছে, নাচে-গানে মাতিয়ে রাখছে আমার জন্যই যেন ছিল। আমার সঙ্গেই ওর নাম লেখা হয়েছিল।’
এরপরেই তামান্নার সঙ্গে তার প্রথম পরিচয় থেকে সম্পর্কের নানা মুহূর্তের কথা তুলে ধরেন মহসিন। অভিনেতার কথায়, ‘প্রথম যখন আমরা একে অন্যকে দেখি, প্রথম যখন তোমার হাত ধরি, তখন থেকে তোমার প্রথম ‘হম তো ভাই জ্যায়সে হ্যায় ওয়্যাসে রহেঙ্গে’ গাওয়া পর্যন্ত, আমি জানতাম আমার ভিতরে কিছু যেন একটা স্থায়ী বসতি করে ফেলেছে। নিজের মনের মানুষ খুঁজে পেয়ে গিয়েছিলাম।’
মহসিনের বিশ্বাস, তাদের গল্প হয়তো আগে থেকেই তারায়-তারায় লেখা ছিল। নতুন জীবনের শুরু প্রসঙ্গে অভিনেতা লেখেন,‘একসঙ্গে পথচলার, ভালোবাসা, বন্ধুত্ব ও প্রচুর স্মৃতি তৈরির সফর শুরু হল।’
পোস্টের শেষে অভিনেতা লেখেন, তাদের করা সকল প্রতিশ্রুতি এবং একসঙ্গে দেখা সকল স্বপ্নের মধ্যে সবচেয়ে সুন্দর বিষয় সম্ভবত একে অপরের মধ্যে নিজের ‘বাড়ি’ খুঁজে পাওয়া।
মহসিন ও তামান্নাকে শুভেচ্ছায় জানিয়েছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী, স্টিবেন বেন, অদৃজা রায়, শ্রদ্ধা আর্য-সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী। বাগদান সারলেও সামাজিক বিয়ের অনুষ্ঠান কবে হবে, সেই বিষয়ে এখনও কিছু ঘোষণা করেননি অভিনেতা।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























