ছয় দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার। অবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক কনসার্ট করলেন রুনা লায়লা। শুক্রবার (২৪ জুলাই) একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে তার কনসার্ট। সঙ্গে তাকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা।
৭৪ বছর বয়সেও তিনি যেভাবে গেয়েছেন, তাতে মুগ্ধ উপস্থিত দর্শক-শ্রোতারা। ওই কনসার্ট নিয়ে অনেকেই ভালোলাগা প্রকাশ করেছেন। বিষয়টি নজরে পড়েছে রুনা লায়লারও। তাই ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিল্পী।
আজ এক ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ, আমার প্রতি এত ভালোবাসা জানানোর জন্য। আমি সত্যিই সম্মানিত। বাংলাদেশে থাকতে পেরে, বাংলাদেশে গাইতে পেরে আমি গর্বিত; শুধু বাংলাদেশই নয়, ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রেও ব্যাপারটা এমনই। অনেক মানুষ আমার ভক্ত, তাদের দোয়া ও ভালোবাসায় আমি এতদূর এসেছি।’
শিল্পকলার কনসার্ট প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘কদিন আগে একটি কনসার্ট করেছি। এরপর থেকে যত মেসেজ ও মন্তব্য পেয়েছি, তা আমার হৃদয় ছুঁয়ে গেছে। আপনাদের জন্যই আমি গেয়ে যেতে চাই। কারণ আপনাদের আমি ভালোবাসি। এটাও জানি, আপনারা আমাকে এবং আমার গানকে কতটা ভালোবাসেন। দুর্ভাগ্যজনকভাবে যেখানে কনসার্ট হয়েছে, সেখানে জায়গার সংকুলান হয়নি। ৭৫০ জনের বেশি মানুষের জায়গা ছিল না। আশা করছি, শিগগিরই আরো বড় পরিসরে কনসার্ট করব। যেখানে অনেক অনেক মানুষ উপস্থিত থাকতে পারবেন। সেরকম সুযোগ নিশ্চয়ই পাব, যেখানে সবার জন্য গাইতে পারব।’
রুনা লায়লার মন্তব্য থেকে অনুমান করা হচ্ছে, অচিরেই হয়তো ঢাকায় ফের কনসার্ট করবেন উপমহাদেশের এই কিংবদন্তি তারকা।
এদিকে রুনা লায়লা এবার গান শোনাতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। ১ আগস্ট সিডনি এবং ৮ আগস্ট মেলবোর্নে গাইবেন তিনি।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























