বিশ্বকাপে প্রিয় দল ও তারকাদের খেলা দেখতে উন্মুখ হয়ে থাকে সমর্থকরা। তবে একদিনে সব তারকার খেলা দেখার আশা করা যায় না। ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে এমন দিন খুব একটা বেশি আসেও না। তবে এবার এসেছে।
চলতি বিশ্বকাপে সমর্থকদের ভাগ্যটা হয়তো একটু বেশিই ভালো। একদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে রানার্সআপ ফ্রান্স, আর দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপের মঞ্চে ফিরে আসা নরওয়ে। ১৬ জুনের (বাংলাদেশ সময় ১৭ জুন) ম্যাচসূচি যেন তারকাদের এক মহাসমাবেশ। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও আরলিং হালান্ড, আধুনিক ফুটবলের তিন তারকার চোখ ধাঁধানো উপস্থিতিতে বিশ্বকাপের ষষ্ঠ দিনটি রূপ নিতে যাচ্ছে এক ফুটবল উৎসবে।
সবচেয়ে বেশি আলোচনা থাকবে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ নিয়ে। ২০২২ আসরের বিশ্বচ্যাম্পিয়নরা এবারও শিরোপা ধরে রাখার মিশনের লক্ষ্যে রয়েছে। আর সেই যাত্রার সূচনা হবে আলজেরিয়ার বিপক্ষে। ৩৯ বছর বয়সী লিওনেল মেসির জন্য এটিই সম্ভবত শেষ বিশ্বকাপ, তাই প্রতিটি ম্যাচই হয়ে উঠছে আবেগ আর ইতিহাসের মিশ্রণ। গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে নকআউটের পথে এগোতে চাইবে স্কালোনির দল।
দিনের অন্য আকর্ষণ ফ্রান্স বনাম সেনেগাল। কিলিয়ান এমবাপের নেতৃত্বে ফরাসিরা তৃতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নামছে। তবে সেনেগাল নামটি শুনলেই ফরাসিদের মনে ভেসে ওঠে ২০০২ বিশ্বকাপের দুঃস্বপ্ন। সেবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফ্রিকান দলটির কাছে হেরে গিয়েছিল তৎকালীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। ২৪ বছর পর বিশ্বকাপ মঞ্চে সেই দুই দলের পুনর্মিলন ম্যাচটি বাড়তি নাটকীয়তা এনে দিয়েছে।
আরেকটি ম্যাচে থাকবে নতুন প্রজন্মের তারকা আরলিং হালান্ড। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে ফেরা নরওয়ে মুখোমুখি হবে ইরাকের। ক্লাব ফুটবলে গোলের পর গোল করে রেকর্ড গড়া হালান্ড এবার বিশ্বকাপের মঞ্চেও নিজের ছাপ রাখতে চান। নরওয়ের জন্য এটি শুধু একটি ম্যাচ নয়, বরং বিশ্ব ফুটবলের অভিজাত আসরে নিজেদের পুনঃপ্রতিষ্ঠার লড়াই।
বিশ্বকাপের প্রথম কয়েক দিনে কেপ ভার্দের মতো নবাগতদের চমক, স্পেন-উরুগুয়ের মতো শক্তিশালী দলগুলোর হোঁচট এবং একাধিক অপ্রত্যাশিত ড্র দেখেছে ফুটবল বিশ্ব। তাই আজকের দিনে মেসি, এমবাপে কিংবা হালান্ডদের জন্যও সহজ হতে যাচ্ছে না। বরং এদিনের ৯০ মিনিটগুলোই বলে দেবে, কারা সত্যিকারের শিরোপার দাবিদার আর কারা শুধুই কাগজে-কলমে ফেবারিট।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























