ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দলের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচ খেলেই স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনো জাতীয় ফুটবল দল-কে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের দল।
স্তাদিও অলিম্পিকো সেরাভালে-এ অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তার জোড়া গোলে ইতিহাস গড়ে দল। সান মারিনোর একমাত্র গোলটি করেন নিকোলাস জাকোপেত্তি।
এ ম্যাচ দিয়েই বাংলাদেশের প্রধান কোচ হিসেবে অভিষেক হয় জার্মান কোচ থমাস ডুলি-র। তার অধীনে প্রথম ম্যাচেই জয় পায় বাংলাদেশ।
ম্যাচের ১৯তম মিনিটে মোরছালিন-এর ক্রস থেকে হেডে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তপু বর্মণ। তবে ৩১তম মিনিটে জাকোপেত্তির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়।
বিরতির পর কৌশল পরিবর্তন করেন কোচ ডুলি। তিনি একসঙ্গে তিনটি পরিবর্তন এনে দলকে মাঠে নামান। যেখানে অধিনায়ক জামাল ভূঁইয়ার বদলে মাঠে নামানো হয় শমিত সোমকে। দ্বিতীয়ার্ধে ডুলির দল গোলের একাধিক সুযোগ তৈরি করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। অবশেষে ম্যাচের ৮৬ মিনিটে আবারও বাংলাদেশের ত্রাতা হয়ে আসেন তপু বর্মন। হামজা চৌধুরীর দুর্দান্ত ফ্রি-কিক থেকে বিশ্বনাথ ঘোষের চমৎকার ভলি থেকে আসা বলে আলতো করে মাথা ছুঁইয়ে সান মারিনোর জাল কাঁপান তপু। এই চোখধাঁধানো গোলে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। ম্যাচে এটি তপুর দ্বিতীয় গোল। আর বাংলাদেশের জার্সিতে এটি তার অষ্টম গোল।
ম্যাচের শেষ মুহূর্তে তপুর এই গোলের পর সেরাফাল্লে স্টেডিয়ামে উপস্থিত হাজারো বাংলাদেশি সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। সব বাধা জয় করে তপুর বীরত্বে ইউরোপের মাটিতে লাল-সবুজের পতাকা ওড়াল বাংলাদেশ।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 




















