‘সামনে কঠিন সময় অপেক্ষা করছে’ বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপির কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক। এই কঠিন সময়ে হেসেখেলে চললে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের অনেক বড় ক্ষতি হবে। রোববার (৩১ মে) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান ধীরে ধীরে পরিকল্পনা করে দেশকে এগিয়ে নিয়েছিলেন। একই ভাবে সেই পথনির্দেশিকা মেনেই কর্মসূচি হাতে নিয়েছিলেন। সরকার তখনই সফল হবে যখন দলের লোকজন সরকারকে সহযোগিতা করবে। শুধু সরকারের মন্ত্রীরা পরিশ্রম করলেই সফলতা আসবে না। এক্ষেত্রে সব অঙ্গ ও সহযোগী সংগঠনের ভূমিকা রাখা প্রয়োজন।’ তিনি বলেন, ‘সরকারের ইশতেহার ১২ ফেব্রুয়ারির আগে ছিল বিএনপির, এখন সেটি জনগণের। যারা এর পক্ষে রায় দিয়েছেন তাদের আশা-ভরসা পূরণ করতে হবে। বিএনপি সরকার জিয়াউর রহমানের দর্শন থেকেই দেশ পরিচালনা করছে এবং করবে। আর ইশতেহারেও সেই ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। আমরা মনে করি জনগণের দৃষ্টিতে সফল হতে হলে সর্বস্তরের নেতাকর্মীদের ইশতেহার বাস্তবায়নে কাজ করতে হবে।’ বাবার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দিয়েই বিশ্ব বাংলাদেশকে চিনত। বাংলাদেশ মানেই তাকে বুঝত অনেকে। একজন সন্তান হিসাবে এটি আমাকে গর্বিত করে।’
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 















