আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের আপাতত কোনো পরিকল্পনা নেই নির্বাচন কমিশনের (ইসি)। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে সেই সম্ভাবনা কম বলেই মনে করছে কমিশন। তবে কোথাও পরিস্থিতির অবনতি হলে বা সহিংসতা বাড়লে পরবর্তী ধাপে যৌক্তিকতা বিবেচনায় সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা আইন, আচরণবিধিমালা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিধি সংশোধনের কাজ চলছে। পাশাপাশি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং সার্বিক নির্বাচনী পরিবেশ নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে ধারাবাহিক বৈঠকেরও পরিকল্পনা রয়েছে।
গত ১৪ মে ইসির আইন ও বিধি সংস্কার কমিটির দ্বিতীয় বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা আইন ও আচরণবিধি সংশোধনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা মত দেন, স্থানীয় সরকার নির্বাচনে সাধারণভাবে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হয় না। তবে বিশেষ পরিস্থিতি তৈরি হলে সেনা মোতায়েনের প্রস্তুতি রাখার বিষয়েও আলোচনা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার ও ইসির আইন-বিধি সংস্কার কমিটির প্রধান আব্দুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে তারা সেনা মোতায়েনের পক্ষে নন। তবে কোনো এলাকায় সহিংসতা বা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে পরবর্তী ধাপে যৌক্তিকতা দেখিয়ে সেনাবাহিনী ডাকা হতে পারে। তিনি বলেন, নির্বাচনের মাঠে সেনাবাহিনী থাকলেও তারা স্বাভাবিক দায়িত্ব পালন করবে। এর আগে গত ১৮ মে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচনও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো মানসম্পন্ন হতে হবে।
তিনি আরও বলেন, দেশে স্থানীয় সরকার নির্বাচনে অতীতে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। তারপরও কমিশন চেষ্টা করবে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেন কোনো প্রাণহানি না ঘটে। অতীতের মতো এবারও ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে বিভিন্ন এলাকায় আলাদাভাবে ভোট গ্রহণ করা যায় এবং সহিংসতা তুলনামূলক কম হয়।
ইসি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করা হবে। এসব বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা আইন ও আচরণবিধি সংশোধনের বিষয়ে মতামত নেওয়া হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং নির্বাচনব্যবস্থার বিভিন্ন বিষয়েও আলোচনা হবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 




















