ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জেতার সুযোগ ছিল বাংলাদেশের। তবে চট্টগ্রামে প্রথম ম্যাচ জিতে লিড নিলেও শেষ পর্যন্ত সিরিজ নিশ্চিত করতে পারল না টাইগাররা। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর আজ শেষ ম্যাচও পড়ে বৃষ্টির বাধায়। ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ১৫ ওভারে।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে কিউইদের ১০৩ রানের লক্ষ্য দিয়েছিল টাইগাররা। শুরুতেই ৪ উইকেট নিয়ে জয়ের আশা জাগিয়ে তুলেছিলেন শরিফুল ইসলাম-শেখ মাহেদিরা। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। বেভন জ্যাকবসের ঝড়ো ব্যাটিংয়ে ৩.২ ওভার হাতে রেখেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ব্ল্যাকক্যাপসরা।
১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা হয়েছে বাজে। ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন শরিফুল। তাঁর বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন কিউই ওপেনার কেটেন ক্লার্ক। একই ওভারে ডেন ক্লিভারকেও সাজঘরের পথ দেখান টাইগার পেসার।
নিজের প্রথম ওভারে ২ উইকেট নেওয়া শরিফুল দ্বিতীয় ওভারেই আবার আঘাত হানেন। এবার আরেক ওপেনার টিম রবিনসনকে বোল্ড করেন তিনি। টাইগার পেসারের দুর্দান্ত বোলিংয়ে দলীয় ২৫ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নিউজিল্যান্ড।
এরপর উইকেট নেওয়ার মিছিলে যোগ দেন মেহেদিও। ৫ম ওভারে তিনি ফেরান নিক কেলিকে। ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে কিউইরা, বাংলাদেশের সামনে জাগে জয়ের আশা।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

















