দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতিতে নেমেছেন বগুড়ার শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এতে দৈনন্দিন পৌরসেবা ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়েছেন ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত পৌরসভার সাধারণ নাগরিকরা।
পৌরসভা সূত্রে জানা যায়, কর্মকর্তা-কর্মচারীদের কারও ৩০ মাস, কারও ৪৮ মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। বকেয়া পরিশোধের দাবিতে সোমবার সকাল থেকে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন তারা। বর্তমানে পৌরসভায় ৩২ জন স্টাফ কর্মরত আছেন, এর মধ্যে ৮ জন এলপিআরে (অবসর-উত্তর ছুটি) গেছেন।
কর্মচারীরা জানান, প্রশাসক নিয়োগের পর থেকে নিয়মিত বেতন দেওয়া হলেও পূর্বের বকেয়া নিষ্পত্তি না হওয়ায় তারা আর্থিক সংকটে রয়েছেন। এ কারণে বাধ্য হয়ে কর্মবিরতিতে যেতে হয়েছে।
পৌর কার্যালয় সূত্রে আরও জানা যায়, শেরপুরের বারদুয়ারী হাটের ইজারা কার্যক্রম গত চৈত্র মাসের মধ্যেই সম্পন্ন হওয়ার কথা ছিল। চলতি অর্থবছরে হাটটির ইজারা মূল্য নির্ধারণ করা হয় ৮৪ লাখ টাকা। তবে নির্ধারিত সময়ে দরপত্র আহ্বান করা হলেও কেউ অংশ নেয়নি। ফলে বৈশাখের শুরু থেকে খাস আদায়ের মাধ্যমে রাজস্ব সংগ্রহের কথা ছিল।
তবে অভিযোগ উঠেছে, ইজারা না থাকলেও হাট থেকে নিয়মিত খাজনা আদায় করা হচ্ছে। কিন্তু সেই রাজস্ব থেকে কর্মচারীদের বকেয়া বেতন সমন্বয় করা হচ্ছে না।
টিকাদানকারী স্বাস্থ্যকর্মী আফরোজা বেগম বলেন, ‘একদিকে বেতন বকেয়া, অন্যদিকে ইজারা ছাড়াই খাজনা আদায় হচ্ছে। কারা আদায় করছে, সেটিও পরিষ্কার নয়।’
এমএলএসএস ফরহাদ হোসেন বলেন, ‘বিভিন্ন হাট ও টার্মিনাল থেকে বছরে প্রায় তিন কোটি টাকা রাজস্ব আসে। আমার ৪৮ মাসের বেতন বকেয়া রয়েছে। বিষয়টি মানবিকভাবে বিবেচনা করার জন্য প্রশাসকের কাছে আবেদন করেছি।’
বারদুয়ারী হাটে গিয়ে দেখা যায়, বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়মিত খাজনা আদায় করা হচ্ছে।
কাঁচাবাজার ব্যবসায়ী নূরুল ইসলাম বলেন, প্রতিদিন বসা দোকান থেকেও খাজনা নেওয়া হচ্ছে। মাছ ব্যবসায়ী শাহিন আলম জানান, সোমবার ৩০ টাকা ও বৃহস্পতিবার ৪০ টাকা করে খাজনা দিতে হয়। আরেক ব্যবসায়ী আলম শেখ বলেন, আগে যারা খাজনা নিত তারা এখন আসে না, নতুন একজন এসে আদায় করছেন।
মুদি দোকানি টিংকু সাহা অভিযোগ করেন, হাট ইজারা না হলেও তার কাছ থেকে নিয়মিত ১৫০ টাকা করে খাজনা নেওয়া হচ্ছে। পান দোকানি মদন কুমার চাকী বলেন, প্রতি হাটে তার কাছ থেকে দুইবার খাজনা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে পৌর প্রশাসনিক কর্মকর্তা ইমরোজ মুজিব বলেন, গত অর্থবছরের মতো এবারও খাস আদায়ের কথা ছিল, তবে বর্তমানে কীভাবে আদায় হচ্ছে, তা তার জানা নেই।
পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা রেজাউল করিম বলেন, বর্তমানে নিয়মিত বেতন দেওয়া হচ্ছে। কর্মচারীরা আগের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি করছেন। তিনি জানান, রাস্তার ভূমি অধিগ্রহণ থেকে পাওয়া প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা থেকে কিছু বকেয়া সমন্বয় করা হয়েছে। এছাড়া হাটের ৫২ লাখ টাকা বকেয়া থাকায় মামলা করা হয়েছে, যা চলমান।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. সাইদুজ্জামান হিমু বলেন, ‘টেন্ডারে কেউ অংশ না নেওয়ায় কর্মচারীদের মাধ্যমে খাস আদায়ের কথা ছিল। তবে তারা কর্মবিরতিতে থাকায় সোমবার আদায় হয়নি। অন্য কেউ আদায় করে থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















