বগুড়ায় বিশেষ কায়দায় চুম্বকে আটকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে জামাল হোসেন (৩৫) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সোমবার সকালে সদর উপজেলার নওদাপাড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসে এ অভিযান চালান।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপপরিচালক জিললুর রহমান বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।
ডিএনসি বগুড়ার সূত্র জানায়, সোমবার সকালে বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে কক্সবাজার ছেড়ে আসা জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় টিকিটবিহীন যাত্রী জামাল হোসেনের দেহ তল্লাশি করা হয়। তার কাছে বিশেষ কায়দায় চুম্বকের সঙ্গে আটকানো দুটি পলি প্যাকেটে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার কাছে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতার মাদককারবারি জামাল হোসেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার হাজিপাড়া ইসলামপুরের মৃত মোশারফ হোসেনের ছেলে।
বগুড়া সদর থানার এসআই সামসুল আলম বাদী হয়ে মো. জামালের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছেন। এই মাদক চালানের সঙ্গে অন্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। পরে আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























