ইট-বালুর ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে বগুড়ার শাজাহানপুরে রকি মাহমুদ (২০) নামের এক যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। রকি শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১ টার দিকে উপজেলার বনানী এলাকায় কাস্টমস্ অফিসের কয়েক গজ দক্ষিণে ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত দু’টি দা ও দু’টি হাতুড়ি উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
রকির বড় ভাই রানা (২৬) জানান, গত বুধবার রাতে রকি তাকে মোবাইল ফোনে জানিয়েছিল ইট-বালুর ব্যবসা নিয়ে প্রতিপক্ষের সাথে তার ঝামেলা চলছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকেও রকির সাথে ফোনে কথা হয়েছে বলে রানা উল্লেখ করেন। তিনি বলেন, রকিকে ডেকে নিয়ে প্রতিপক্ষের লোকজন ঘাড়ে দা দিয়ে কুপিয়ে এবং মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে নৃশংসভাবে খুন করেছে। শাহাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রকির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সেখানে তার মোটরসাইকেল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























