“মুন্সী সাইফুল বারী ডাবলু”
জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুনের আহ্বানে আজ শুরু হলো বাংলা নববর্ষ ১৪৩৩। ঋতুচক্রের আবর্তনে আজ পহেলা বৈশাখ। বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে যাওয়া এই দিনটি আজ পরিণত হয়েছে এক সর্বজনীন উৎসবে। জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে মনের কোণে নতুন আশা আর ঐক্যের বার্তা নিয়ে এসেছে এই নতুন বছর।
রাজধানীসহ সারাদেশ আজ মেতে উঠেছে বৈশাখী উৎসবে। ভোরের প্রথম আলো নতুন স্বপ্ন আর সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে। দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি। ‘বাংলা নববর্ষ ১৪৩৩’ জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে সরকার গ্রহণ করেছে নানা কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের করা হবে বৈশাখী শোভাযাত্রা। এছাড়া রমনার বটমূলে ছায়ানটের প্রভাতী আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরকে।
বাঙালির নববর্ষের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ‘হালখাতা’র ঐতিহ্য। এটি মূলত একটি অর্থনৈতিক প্রথা। গ্রামীণ ও নগর জীবনের ব্যবসায়ীরা পুরনো হিসেব চুকিয়ে নতুন খাতা খোলার মাধ্যমে এই উৎসব উদযাপন করেন। খদ্দেরদের মিষ্টিমুখ করানো আর কুশল বিনিময়ের এই রেওয়াজ আধুনিক যুগেও সমান জনপ্রিয়।
ষাটের দশকের শেষে রমনা বটমূলে ছায়ানটের আয়োজন নাগরিক জীবনে এক নতুন মাত্রা যোগ করে। বর্তমানে ইউনেস্কো কর্তৃক বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্ভুক্ত হওয়ায় এই উৎসব আন্তর্জাতিকভাবেও সমাদৃত।
মধ্যপ্রাচ্যের যুদ্ধপীড়িত অস্থির সময় বিশ্বের নানা প্রান্তে নিয়ে এসেছে নানা টানাপোড়েন। আশা-নিরাশার দোলাচলে দুলছে জীবন। এর মধ্যেই তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে উড়ায়ে দিতে, পুরনো বছরের আবর্জনা দূর করতে আজ এসেছে বাঙালির প্রাণের উৎসব-পহেলা বৈশাখ।
দুঃখ-কষ্ট ভুলে, হতাশা-গ্লানি মুছে আজ নবরূপে আত্মশক্তিতে উজ্জীবিত হবে সবাই। অপরিমেয় শুভ্র সাংস্কৃতিক শক্তিতে ঐতিহ্যের নবরূপায়ণ হবে।
হাজার বছরের ঐতিহ্য, সংগ্রাম ও সংস্কৃতির বহমান ধারাকে ধারণ করে নববর্ষ আজ এক সর্বজনীন মিলনমেলায় পরিণত হয়েছে। তাই রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। উত্সবের আমেজ, রঙিন পোশাক, পান্তা-ইলিশ, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনভর মুখর হয়ে থাকবে জনপদ।
শুভ নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পৃথক বার্তায় তারা দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। অতীতের সব ব্যর্থতা ভুলে নতুন বছরে এক উন্নত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দেশের শীর্ষ দুই নেতা।
রাষ্ট্রপতি পহেলা বৈশাখকে ঐক্য, সমপ্রীতি ও অসামপ্রদায়িক চেতনার প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি কৃষিভিত্তিক ঐতিহ্যের ধারাবাহিকতায় ‘কৃষক কার্ড’ কর্মসূচিকে কৃষি উন্নয়ন ও কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। নতুন বছরে ভেদাভেদ ভুলে সংযম, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি উন্নত, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব বাংলাভাষীকে শুভেচ্ছা জানিয়ে পহেলা বৈশাখকে জাতিসত্তা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, কৃষিভিত্তিক অর্থনীতির সঙ্গে নববর্ষের গভীর সম্পর্ক রয়েছে এবং ‘কৃষক কার্ড’ কর্মসূচি কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে। নতুন বছরের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার জীবনে সুখ-সমৃদ্ধি কামনা করেছেন।
প্রতিবছর নববর্ষ উদযাপনে ভোরের আলো ফোটার আগেই মানুষের ঢল নামে রাজধানীর রমনা উদ্যানে। সূর্যের প্রথম কিরণে শুরু হয় ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। এবারও সেই ধারাবাহিকতায় প্রায় দুই শ শিল্পীর অংশগ্রহণে সুর, বাণী ও ছন্দের এক অপূর্ব সমন্বয়ে সাজানো হয়েছে ছায়ানটের এই আয়োজন। প্রকৃতি, মানবতা, দেশপ্রেম ও লোকজ জীবনের গান পরিবেশনার মধ্য দিয়ে বাঙালির চিরায়ত সংস্কৃতির রূপ ফুটে উঠবে। এবারের অনুষ্ঠানে বিশেষভাবে স্মরণ হবে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রখ্যাত গণসংগীতজ্ঞ সলিল চৌধুরী এবং পাকিস্তানবিরোধী আন্দোলনের গীতিকার-সুরকার মতলুব আলীকে।
এবারের শোভাযাত্রায় স্থান পেয়েছে পাঁচটি প্রধান মোটিফ— মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া। লোকজ প্রতীকের ধারায় এগুলো যথাক্রমে নতুন দিন, শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনায় জাতীয় সংগীত, ‘এসো হে বৈশাখ’ এবং বিভিন্ন দেশাত্মবোধক গান শোভাযাত্রাকে আরো প্রাণবন্ত করে তুলবে। প্রায় দুই শ শিক্ষার্থী জাতীয় পতাকা বহন করে শোভাযাত্রায় অংশ নেবেন, যা সামষ্টিক চেতনার এক উজ্জ্বল প্রকাশ।
ঢাকার বিভিন্ন এলাকা ছাড়াও সারা দেশের জেলা-উপজেলায় বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ উত্সবের আয়োজন করা হয়েছে। এসব আয়োজন বাঙালির ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলা নববর্ষের ইতিহাস দীর্ঘ ও বহুমাত্রিক। মোগল সম্রাট আকবরের আমলে কৃষিভিত্তিক অর্থনীতি ও খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা সনের প্রবর্তন হয়। পরবর্তী সময়ে এটি ‘ফসলি সন’ থেকে ‘বঙ্গাব্দে’ রূপান্তরিত হয়ে বাঙালির সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়।
আজকের এই শুভ দিনে দেশজুড়ে প্রত্যাশা একটাই—সব গ্লানি মুছে গিয়ে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও প্রশান্তি। শুভ নববর্ষ ১৪৩৩!
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















