দই—বাঙালির আতিথেয়তা আর সামাজিক অনুষ্ঠানের এক অবিচ্ছেদ্য মিষ্টান্ন। আর এই দইয়ের নাম নিলে প্রথমেই মানসপটে ভেসে ওঠে বগুড়ার শেরপুর উপজেলার কথা। প্রায় আড়াইশ বছরের প্রাচীন ঐতিহ্য আর স্বাদের বৈচিত্র্যে শেরপুরের দই আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে সমাদৃত। জিআই (GI) পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এই শিল্পের গুরুত্ব ও কদর আরও বহুগুণ বেড়েছে।
স্থানীয় প্রবীণদের মতে, প্রায় আড়াইশ বছর আগে শেরপুরের সনাতন ঘোষ সম্প্রদায় প্রথম দই তৈরি শুরু করে। জনশ্রুতি আছে, ঘেটু ঘোষ নামের এক ব্যক্তি বংশ পরম্পরায় টক দই থেকে বিবর্তিত হয়ে আজকের জনপ্রিয় মিষ্টি দইয়ের প্রবর্তন করেন। এক সময় এই দই তৈরির ফর্মুলা অত্যন্ত গোপনীয় থাকলেও বর্তমানে তা সর্বজনীন পেশায় রূপ নিয়েছে। এখন ঘোষদের পাশাপাশি মুসলিম ও অন্যান্য ব্যবসায়ী সম্প্রদায়ও এই শিল্পের সাথে নিবিড়ভাবে জড়িত।
বর্তমানে শেরপুর উপজেলায় প্রায় দুই শতাধিক দই তৈরির কারখানা রয়েছে। যেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, এখানে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৪৫০ মণ দই উৎপাদিত হয়। শুধু দই নয়, সাথে ক্ষীরসা, ঘি ও বিভিন্ন মিষ্টান্ন মিলিয়ে মাসে প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার এক বিশাল অর্থনৈতিক লেনদেন সম্পন্ন হয় এই জনপদে। বর্তমানে তরুণ উদ্যোক্তারা অনলাইনের মাধ্যমেও এই দই সারাদেশে পৌঁছে দিচ্ছেন।
শেরপুরের দইয়ের বিশেষত্বের মূলে রয়েছে গরুর খাঁটি দুধ, চিনি এবং মাটির সরা বা হাঁড়ির জাদু। বড় কড়াই বা পাতিলে দুধ দীর্ঘ সময় জ্বাল দিয়ে ঘন করার পর মাটির পাত্রে বসানো হয় এই দই। ব্যবসায়ীদের মতে, মাটির পাত্র দইয়ের অতিরিক্ত জলীয় অংশ শুষে নেয় বলেই এর স্বাদ ও ঘনত্ব অতুলনীয় হয়।
স্থানীয় দই ব্যবসায়ী শ্যামল কুমার বসাক বলেন, আমরা আমাদের ঐতিহ্য রক্ষা করে ব্যবসা পরিচালনা করার চেষ্টা করছি। তবে দুধ ও অন্যান্য উপকরণের দাম বাড়ায় দইয়ের উৎপাদন খরচও বেড়েছে। তারপরও আসল স্বাদের দইয়ের জন্য শেরপুরের দইয়ের কোনো বিকল্প নেই। ফেনী থেকে দই কিনতে আসা পর্যটক তৌহিদ হোসেন বলেন, বগুড়ার শেরপুরের দইয়ের স্বাদ এতটাই অতুলনীয় যে, আমরা সুযোগ পেলেই এখানে ছুটে আসি।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























