প্রকৃত রোগীর পিতা ও উপজেলার নাম পরিবর্তন করে অন্যজনকে জাল মেডিকেল সনদ দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি হদিউজ্জামান শেখ ও নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ডা. ফয়সাল আহম্মেদ একটি মামলার প্রকৃত রোগী শাহ জালালের পিতা মহব্বত আলীর স্থলে আলতাব এবং থানা শাহাজাদপুরের স্থলে বেলকুচি উল্লেখ করে তিনি নিজ হাতে সংশোধন করেছেন। একই সিরিয়ালে দুইজন ব্যক্তিকে ভর্তি টিকিট দিয়েছেন। এ বিষয়টি আসামিপক্ষের আইনজীবী ইন্দ্রজিত সাহা আদালতকে লিখিতভাবে অবগত করেন।
পরবর্তীতে আদালত অভিযোগটি আমলে নিয়ে ডাক্তার ফয়সাল আহম্মেদের বিরুদ্ধে সমন জারি করেন। ডাক্তার ফয়সাল গত বছরের (২০২৫ সাল) ১১ সেপ্টেম্বর অভিযোগের সত্যতা স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩-এর আদালতের বিচারক ওবায়দুল হক রুমি আমলি আদালতে নিয়মিত মামলা দায়ের ও ক্ষমতা প্রদান করার জন্য আদালতের বেঞ্চ সহকারী রোজিনা খাতুনকে নির্দেশ প্রদান করেন। তিনি ডাক্তার ফয়সাল আহম্মেদ ও বেলকুচি উপজেলার কদমতলী গ্রামের আলতাব হোসেনের ছেলে মোতালেব হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ মামলায় সোমবার ডা. ফয়সাল আদালতে হাজির হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
আদালতের এপিপি হদিউজ্জামান শেখ বলেন, ডাক্তার ফয়সালের বিরুদ্ধে জাল সনদ দেওয়ার একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। রোগীর পিতা ও উপজেলার নাম পরিবর্তন করে তিনি জাল মেডিকেল সনদপত্র দিয়েছেন। বিষয়টি তিনি আদালতে স্বীকার করেছেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
















