দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্র-কানাডার সঙ্গে এবারের বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো। তবে দেশটিতে চলছে মাদক চক্রের সহিংসতা। এমন অবস্থায় দর্শকদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারটি বেশ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মেক্সিকোর জন্য। তবে কঠিন এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে বিশ্বকাপে দর্শকদের নিরাপত্তায় প্রায় এক লাখ নিরাপত্তাকর্মী মোতায়েনের ঘোষণা দিয়েছে মেক্সিকো।
মেক্সিকোর তিনটি শহরে হবে বিশ্বকাপের ম্যাচ। এর মধ্যে রয়েছে জালিস্কো অঙ্গরাজ্যের রাজধানী গুয়াদালাহারা, যেখানে গত মাসে সহিংসতার সূত্রপাত হয় এবং ১২ হাজারের বেশি মানুষ নিখোঁজ বলে খবর পাওয়া গেছে। মেক্সিকোর আরও দুটি শহর মন্তেরে ও মেক্সিকো সিটিতেও বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। সহিংসতার প্রভাব এ দুটি শহরে তেমন হয়নি।
মেক্সিকোর সবচেয়ে ভীতিকর অপরাধী সংগঠনগুলোর একটি জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)। তাদের নেতা ‘এল মেনচো’খ্যাত নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেস সেনা অভিযানে নিহত হন। এর পর থেকেই মেক্সিকান সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়েছে সিজেএনজি।
এল মেনচো ছিলেন মেক্সিকোর ‘মোস্ট ওয়ান্টেড ম্যান’। যুক্তরাষ্ট্রও তাকে ধরতে তৎপর ছিল এবং এল মেনচোকে ধরার জন্য ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। গত সোমবার জাপোপান শহরের একটি সামরিক ঘাঁটির কাছে কবরস্থানে তাঁকে দাফন করা হয়। শুক্রবার মেক্সিকো প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম ২০২৬ বিশ্বকাপ নিরাপদে আয়োজন নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























