শেরপুর নিউজ ডেস্ক:
র্যাব ৯ ও র্যাব ১৪-এর যৌথ অভিযানে সিলেটের বিয়ানীবাজারে ইমন আহমদ হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সাজিদুল ইসলাম মুন্না। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার দেলুটিয়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, শুক্রবার ঘাটাইল থানাধীন কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ইমন বিয়ানীবাজার থানাধীন খশির নামনগর এলাকার বাসিন্দা। ২০২৫ সালের ৭ ডিসেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
তদন্তের একপর্যায়ে আটক এক ব্যক্তির স্বীকারোক্তিতে জানা যায়, পূর্বপরিকল্পিতভাবে ইমনকে শেওলা ইউনিয়নের শালেশ্বর এলাকার একটি পুকুরপাড়ে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। লাশ গুমের উদ্দেশ্যে হাত-পা বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়। এ সময় তার ১৫ প্রো-ম্যাক্স ফোনটি নিয়ে যাওয়া হয়।
পরে ১০ ডিসেম্বর শালেশ্বর এলাকার একটি পুকুর থেকে ইমনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বিয়ানীবাজার থানায় হত্যা মামলা করেন। এর আগে একই ঘটনায় আশরাফুল নামে একজনকে আটক করে পুলিশ।
পুলিশের ধারণা, একটি আইফোনকে কেন্দ্র করে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























