শেরপুর নিউজ ডেস্ক:
অভিনেত্রী রিচি সোলায়মান বিয়ের পর থেকে অনেকদিন যাবত স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে বাস করছেন। তবে এই মুহূর্তে তিনি দেশে থাকায় শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের জন্মদিনটাও বাংলাদেশেই উদযাপন করছেন। সম্প্রতি এই অভিনেত্রী নিজেকে নিয়ে মজার এক তথ্য শেয়ার করেছেন যা অনেকেরই অজানা।
সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শিরোনামের একটি পডকাস্টে হাজির হন টিভি পর্দায় এক সময়ের নিয়মিত মুখ রিচি। সেখানে স্বামী-সন্তান ও সংসারজীবনের নানা অজানা গল্প শেয়ার করেন অভিনেত্রী।
যুক্তরাষ্ট্রে সব কাজ নিজেদেরই করতে হয় জানিয়ে রিচি বলেন, ‘এমনও হয়েছে, একসঙ্গে ৭০-৮০ জনের জন্য রান্না করেছি। ঈদের সময় ৬০-৬৫টা পরোটা ভাজতে হয়। কিন্তু এসব কাজ আমি আনন্দ নিয়েই করি।’
এর পরই নিজের ডাকনাম নিয়ে মজার একটি তথ্য শেয়ার করেন তিনি। অভিনেত্রী বলেন, আমার ডাকনাম ‘মুন্নী’। আর হাতের রান্না; বিশেষ করে চিকেন ডিশ—খুব জনপ্রিয় হওয়ায় মজা করেই অনেকে আমায় ‘মুরগী মুন্নী’ বলে ডাকেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রপ্রবাসী রাশেকুর রহমান মালিককে বিয়ে করেন রিচি সোলায়মান। তবে পাঁচ বছর আগে তিনি ছেলে রায়ান ও মেয়ে ইলমাকে দেশের স্কুলে ভর্তি করান। কারণ হিসেবে এ অভিনেত্রী জানিয়েছিলেন, দেশের প্রতি, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি সন্তানদের টান আরও গভীর করতেই এমন সিদ্ধান্ত নেন তারা।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























