শেরপুর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা ৩০টিরও বেশি করার পরিকল্পনা করছে ওয়াশিংটন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম।
ফক্স নিউজের ‘দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল’ শোতে নোমের কাছে জানতে চাওয়া হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কি ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত দেশের সংখ্যা ৩২-এ উন্নীত করতে যাচ্ছে কি না।
জবাবে তিনি বলেন, ‘আমি সুনির্দিষ্ট সংখ্যা বলছি না, তবে এটি ৩০-এর বেশি। প্রেসিডেন্ট এখনও দেশগুলোর বিষয়ে মূল্যায়ন করছেন।’
গত জুনে ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেন ট্রাম্প। এ ছাড়া আরও ৭টি দেশের নাগরিকদের ভ্রমণের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।
যে ১২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেগুলো হলো আফগানিস্তান, চাদ, ইরিত্রিয়া, মিয়ানমার, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।
ট্রাম্প দাবি করেছিলেন, ‘বিদেশি সন্ত্রাসী’ এবং অন্যান্য নিরাপত্তা হুমকি ঠেকাতেই এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞায় অভিবাসী থেকে শুরু করে পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরাও রয়েছেন।
তবে নতুন করে কোন কোন দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে সে বিষয়ে নোম স্পষ্ট করে কিছু জানাননি।
তিনি বলেন, ‘যদি কোনো দেশের সরকার স্থিতিশীল না থাকে, যদি তাদের নিজস্ব দেশের নাগরিকদের পরিচয় নিশ্চিত করতে না পারে বা তাদের যাচাই করতে সাহায্য করতে না পারে, তাহলে কেন আমরা সেই দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেব?’
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























