শেরপুর নিউজ ডেস্ক:
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে চার কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। নিলামে মাছটি ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। গত সোমবার বিকেলে মাছটি চেয়ারম্যান ঘাটের মেসার্স আল্লাহর দান মৎস্য আড়তে বিক্রি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়া উপজেলার জেলে নুর উল্লাহ নোয়াখালীর দক্ষিণে মেঘনা নদীর একটি চরে মাছ ধরতে জাল ফেলেন।
কয়েক ঘণ্টা পর ভাটা এলে সেই জাল তুলে দেখেন সামুদ্রিক মাছের সঙ্গে বড় আকারের একটি রানি ইলিশ ধরা পড়েছে। ভালো দাম পেতে ইলিশটি তিনি চেয়ারম্যান ঘাটের মাছ বাজারে নিয়ে আসেন। সেখানে আল্লাহর দান মৎস্য আড়তে বিক্রি করেন। আড়তের মালিক হাজি বেপারী ১০ হাজার টাকায় ইলিশটি কিনে নেন।
এদিকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটের আড়তে ৮০টি বড় আকারের ইলিশ দুই লাখ ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে জেলেরা বঙ্গোপসাগরসংলগ্ন মেঘনা নদী থেকে এসব বড় ইলিশ ধরে এনে চেয়ারম্যান ঘাটের মাছের আড়তে নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করা হয়। প্রতিটি ইলিশের ওজন দেড় কেজির বেশি এবং কিছু মাছের ওজন দুই কেজিরও বেশি ছিল।
হাতিয়ার জেলে মো. শাহেদ মাঝি জানান, পাঁচ দিন সাগরে থেকে এই ৮০টি ইলিশ ধরা হয়।
তিনি চেয়ারম্যান ঘাটের মেসার্স আল্লহর দান মৎস্য আড়তে মাছগুলো নিলামে তোলেন। সেখানে ব্যবসায়ী নাহিদ বেপারী ইলিশগুলো দুই লাখ ১৩ হাজার টাকায় কিনে নেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























