শেরপুর নিউজ ডেস্ক: শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (২৯ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান তাদের আটক রাখার আবেদন করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তা মঞ্জুর করেন।
কারাগারে পাঠানো অন্যদের মধ্যে রয়েছেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম পান্না, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মহিউল ইসলাম বাবু, জাকির হোসেন, তৌছিফুল বারী খান, আমির হোসেন সুমন, আল আমিন, নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী ও আব্দুল্লাহীল কাইয়ুম।
এর আগে গত বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক আয়োজন করে ‘মঞ্চ ৭১’। বৈঠকে অংশ নিতে আসলে জুলাই অভ্যুত্থান আন্দোলনকারীরা লতিফ সিদ্দিকীকে ঘিরে ধরে এবং আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে স্লোগান দেয়। পরে বৈঠকের অংশগ্রহণকারীদেরও অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
রাতে শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেন ও জেড আই খান পান্নার।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 













