শেরপুর নিউজ ডেস্ক:
ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংবিধান সংস্কারের ব্যাপারে বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে উঠেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তার ভাষ্য, এ সংক্রান্ত কিছু সুনির্দিষ্ট প্রস্তাব ইতোমধ্যে কমিশন তৈরি করেছে, যার বেশ কয়েকটিতে দলগুলোর পূর্ণ সমর্থন মিলেছে।
শুক্রবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিছেন আলী রীয়াজ। এ সময় অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফররাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিয়েই কেবল আলোচনা নয়, বরং জাতীয় সংসদের কার্যক্রমে বিরোধীদলের অংশগ্রহণ বাড়ানো এবং নির্বাহী বিভাগে নজরদারির সুযোগ তৈরির দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে কমিশনের পক্ষ থেকে উল্লেখ করা হয়, জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ কয়েকটি কমিটিতে বিরোধীদলীয় এমপিদের সভাপতিত্ব নিশ্চিত করার প্রস্তাব।
এ ছাড়া প্রধানমন্ত্রীর সর্বোচ্চ দায়িত্ব পালনের মেয়াদ ১০ বছর নির্ধারণ এবং প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ এক ব্যক্তির হাতে না রাখার বিষয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে সাধারণ ঐকমত্য রয়েছে বলে জানান আলী রীয়াজ। তার মতে, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে রাষ্ট্রে ক্ষমতার এককেন্দ্রিকতা কমে আসবে।
এ সময় তিনি আরও বলেন, কেবল সংবিধান সংশোধনের মাধ্যমে নয়, বরং রাজনৈতিক সংস্কারের সুযোগকে কাজে লাগিয়েই প্রকৃত পরিবর্তন আনা সম্ভব।
স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদ সদস্যদের অকারণ হস্তক্ষেপ নিয়েও সতর্ক করে দেন তিনি। তার ভাষায়, ‘এমপিদের স্থানীয় শাসনে ভূমিকা রাখা আইনসম্মত নয়, এবং আদালতের রায়ে বিষয়টি পরিষ্কার। কমিশনের প্রস্তাবনায় এই হস্তক্ষেপ ঠেকাতে সুস্পষ্ট সুপারিশ রয়েছে।’
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলী রীয়াজ জানান, জাতীয় সনদের চূড়ান্ত খসড়া তৈরির পর যেসব বিষয়ে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) রয়েছে, সেগুলোর ভবিষ্যৎ নির্ধারণে অভিজ্ঞজনের পরামর্শ নেওয়া হবে। তবে কোনো প্রস্তাবে যদি বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকে, তবে সেই দিকটিও গুরুত্ব পাবে।
তিনি স্পষ্ট করে বলেন, জাতীয় ঐকমত্য কমিশন নির্বাচন আয়োজন বা তদারকির সঙ্গে যুক্ত নয়। বরং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ‘জুলাই জাতীয় সনদ’ তৈরি করাই তাদের কাজ। এ সনদ বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মহল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হবে, তবে সেটি দীর্ঘমেয়াদি নয়।
কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ৬২টি বিষয়ে একমত হওয়া গেছে, এবং দ্বিতীয় ধাপের আলোচনায় ২০টি বিষয়ের মধ্যে ১১টিতে কোনো ভিন্নমত নেই। বাকি ৯টি বিষয়ে ভিন্নমত সংরক্ষিত রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















