ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম ইতিহাসে এক বিরল মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে আগামী ১৬ ডিসেম্বর। ২০২৭ আইপিএলের মিনি নিলামে প্রথমবারের মতো বাবা-ছেলে জুটি হিসেবে একসঙ্গে নাম নিবন্ধন করেছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি ও তার ২০ বছর বয়সী ছেলে হাসান ইসাখিল। গতকাল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় বসবে আইপিএল ২০২৭-এর মিনি নিলামের আসর। এবারের নিলামের জন্য মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন, যাদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি ক্রিকেটার। নিলামে ৪১ বছর বয়সী নবির ভিত্তিমূল্য ১ কোটি রুপি। আর প্রথমবার আইপিএল নিলামে নাম লেখানো ছেলে হাসান ইসাখিলের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি।
নিলামের তালিকায় বাংলাদেশের ১২ জন ক্রিকেটারও রয়েছেন। তারা হলেন-হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ। ইতোমধ্যেই ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ১৮৪ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। তাই নিলামে কেনা হবে ৬৬ জন ক্রিকেটারকে, বিদেশি কোটা ২৫টি।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 












