বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কলসা আহসানউল্লাহ ইন্সটিটিউট স্কুলের অপহৃত সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১২) ৬ দিন পর উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার সহ অপহরণকারী মিনহাজুল ইসলামকে (২১) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিনহাজুল ইসলাম আদমদীঘি উপজেলার দমদমা মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আদমদীঘির সান্তাহার কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউটের সপ্তম শ্রেণির ছাত্রী উপজেলার দমদমা গ্রামের ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়া আসার পথে উক্ত মিনহাজুল ইসলাম উত্যক্ত করতো।
বিষয়টি ছাত্রী তার পরিবারকে অবহিত করে। এরপর ছাত্রীর বাবা বিষয়টি মিনহাজুল ইসলাম ও তার বাবা-মাকে জানায়। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেননি। গত ২২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ছাত্রীকে তার বাড়ির সামনে থেকে জোরপূর্বক মিনহাজুল ইসলাম ও তার সহযোগিরা একটি সিএনজিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানার পর ওই ছাত্রীর বাবা বাদি হয়ে মিনহাজুল ইসলামসহ দুই জনকে আসামি করে আদমদীঘি থানায় অপহরণ মামলা দায়ের করেন।
পুলিশ গত সোমবার রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার ও মূল অপহরণকারী মিনহাজুল ইসলামকে গ্রেফতার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানায়, আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ অপহৃত ছাত্রীর জবানবন্দী গ্রহণ ও ডাক্তারি পরীক্ষার জন্য আদালতে প্রেরণ করেছে। এছাড়াও গ্রেফতারকৃত মিনহাজুল ইসলামকে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















