বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য আগামী শনিবার (১৫ আগস্ট) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।
আগামী ২৬ আগস্ট (১২ রবিউল আউয়াল) বুধবার পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।
রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।
ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের আকাশে আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে। শনিবার (১৫ আগস্ট) থেকে ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা শুরু হবে। এই পরিপ্রেক্ষিতে আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।
১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত নেয় বলেও জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে। কারণ এ দিনেই মহানবী (সা.) ইন্তেকালও করেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























