রাজশাহীতে ঘন সবুজ গাছপালায় আচ্ছাদিত শিমলা পার্ক শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই ভরপুর নয়, এটি বিভিন্ন প্রজাতির পাখি ও বন্যপ্রাণীরও প্রিয় আবাসস্থল। রাজশাহী বিশ্ববিদ্যালয় বার্ড ক্লাবের তথ্য অনুযায়ী, বছরের অধিকাংশ সময় এখানে ২শ’ টিরও বেশি প্রজাতির পাখির সমাগম ঘটে।
চখাচখি, কবুতর, ঘুঘু, কুবো, আবাবিল, টিটি, বাটান, পানকৌড়ি, গাঙচিল, বক, কাঠঠোকরা, ফিঙে, টিয়া, মাছরাঙা, শালিক, দোয়েল, মৌটুসি, চঁড়ুই, খঞ্জনা, বুলবুলি, বেনেবউ, জলমুরগি, কোকিলসহ আরও অসংখ্য পরিচিত ও অপরিচিত দেশি-বিদেশি পাখি বিশেষ করে বর্ষা ও শীতকালে এখানে দেখতে পাওয়া যায়।
এছাড়া রয়েছে খরগোশ, কাঠবিড়ালি, ইঁদুর, খাটাশ, গন্ধগোকুল, মেছোবিড়াল, বেজি, শিয়াল এবং বিভিন্ন প্রজাতির বাদুড়সহ ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। পাশাপাশি রয়েছে ২৪ প্রজাতির সরীসৃপ, যেমন কচ্ছপ, গিরগিটি, টিকটিকি, বিভিন্ন প্রজাতির সাপ এবং ১৩ প্রজাতির উভচর প্রাণী।
এ সমৃদ্ধ জীববৈচিত্র্যের গুরুত্ব বিবেচনায় নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন্যপ্রাণী উপদেষ্টা পরিষদের সর্বশেষ (৪১তম) সভায় রাজশাহী জেলার পদ্মাচরের শিমলা পার্ককে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একই সভায় বগুড়া জেলার শেরপুর উপজেলার বড়বিলা বিল এবং রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাবুডাইং পর্যটন ও পিকনিক স্পটকেও বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণার নীতিগত অনুমোদন দেওয়া হয়
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















