উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। শনিবার (১৮ জুলাই ২০২৬) নওগাঁ উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহছানুল হক মিলন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভার কোনো ঘাটতি নেই; প্রয়োজন তাদের জন্য বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও দক্ষতা বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা। অনেক শিক্ষার্থী আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণ করেও কাঙ্ক্ষিত উচ্চশিক্ষা কিংবা কর্মক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করতে পারছে না। এর কারণ চিহ্নিত করে যুগোপযোগী ও বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি বলেন, বাংলাদেশকে একটি আন্তর্জাতিক শিক্ষা হাবে পরিণত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। শিক্ষা খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। আধুনিক অবকাঠামো, গবেষণা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশ একদিন বিশ্বের অন্যতম শিক্ষা কেন্দ্রে পরিণত হবে।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা ক্যালেন্ডারকে শৃঙ্খলার মধ্যে আনতে এসএসসি পরীক্ষা জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই গ্রহণের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে।
নিজের বক্তব্যের একটি শব্দচয়ন নিয়ে জাতীয় সংসদে দুঃখ প্রকাশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো বক্তব্যের আংশিক বা খণ্ডিত ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়। সমালোচনা থাকবে, কিন্তু শিক্ষা ব্যবস্থার উন্নয়ন থেমে থাকবে না। তিনি আরও বলেন, দেশে অর্জিত পিএইচডি ডিগ্রিগুলোর মান ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় মূল্যায়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬-এর ভূয়সী প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, বিলটি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কমিটির প্রধান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে ধন্যবাদ জানাই। বগুড়া বিশ্ববিদ্যালয়ের মডেল অনুসরণ করে চাঁদপুর, নওগাঁসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আইনও পর্যায়ক্রমে যুগোপযোগী করা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, কৃষি ও খাদ্য উৎপাদনে সমৃদ্ধ নওগাঁ আজ উচ্চশিক্ষার নতুন এক যুগে প্রবেশ করেছে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন শুধু একটি প্রতিষ্ঠানের যাত্রা নয়; এটি এ অঞ্চলের শিক্ষা, গবেষণা, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
তিনি বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু সরকারি চাকরি অর্জন নয়; বরং এমন দক্ষ, সৃজনশীল, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা, যারা সমাজ ও রাষ্ট্রের বাস্তব সমস্যার সমাধানে নেতৃত্ব দেবে। শিক্ষা হতে হবে কর্মমুখী, গবেষণাভিত্তিক এবং মানবিক মূল্যবোধসম্পন্ন।
প্রতিমন্ত্রী আরও বলেন, জেনজি আন্দোলনের অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। জেনজি আন্দোলন মানে মেধা ও শৃঙ্খলার জয়। তবে সেই চেতনা কখনোই পরীক্ষায় অনিয়ম, নকল বা শিক্ষার মান ক্ষুণ্ন করার সুযোগ সৃষ্টি করতে পারে না। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার বাজেট বরাদ্দ করেছে। এখন প্রয়োজন সেই অর্থের সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা।
বক্তব্যের একপর্যায়ে নানা আলোচনা-সমালোচনার প্রসঙ্গ উদাহরণ হিসাবে টেনে তিনি বলেন, কলকাতার দাদারা যখন আপনার প্রশংসা করবে, তখন বুঝবেন আমি ভুল পথে আছি। আর যখন তারা বদনাম করবে, তখন বুঝবেন আমরা সঠিক পথে আছি।
তিনি আরও জানান, বগুড়া-নওগাঁ-রাজশাহী মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক চর্চার অন্যতম দৃষ্টান্ত হলো—জনপ্রতিনিধিদেরও জনগণের কাছে জবাবদিহি করতে হচ্ছে। শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য নিয়ে জাতীয় সংসদে দুঃখ প্রকাশের ঘটনাকে তিনি গণতান্ত্রিক জবাবদিহিতার ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম. আমানউল্লাহ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।
অনুষ্ঠানে নওগাঁ জেলার সংসদ সদস্যবৃন্দ, দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলী।
উল্লেখ্য, প্রথম বছরে ৮০ জন শিক্ষার্থী দিয়ে কার্যক্রম শুরু করলো নওগাঁ বিশ্ববিদ্যালয়। ৮০ টি আমরুপালী বৃক্ষ দিয়ে ৮০ শিক্ষার্থীকে বরণ করা হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















