চট্টগ্রামসহ ৫ জেলা ছাড়া দেশের বাকি জেলাগুলোতে এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং ওই বোর্ডের আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকবে।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড (সকল জেলা) এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি/এইচএসসি (বিএমটি)/ এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হলো। অন্যান্য শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ব্যতীত) অন্যান্য জেলার উক্ত তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
বন্যা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
রোববার এইচএসসি ও সমমানের কোনো পরীক্ষা ছিল না। সোমবার পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ও যুক্তিবিদ্যার প্রথম পত্রের পরীক্ষার সূচি রয়েছে। এরপর চলতি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার পরপর দুদিন পরীক্ষার তারিখ পড়েছে।
এদিকে গত শনিবার কয়েক দিনের টানা বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়।
এর আগে দুপুরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের কারণে এইচএসসি ও সমমানের সোমবারের পরীক্ষা নেওয়া বা স্থগিত করা হবে কিনা, সে বিষয়ে সরকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছিলেন, জেলা প্রশাসক, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করেই পরীক্ষা নেওয়া বা স্থগিতের সিদ্ধান্ত হবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 




















