শিক্ষার্থী সংকটের কারণে বগুড়ার আটটি বেসরকারি ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ও পাঠদান অনুমোদন বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। সম্প্রতি বোর্ডের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
বোর্ডের তালিকাভুক্ত বগুড়ার আটটি প্রতিষ্ঠান হলো— মহানগরীর বনানী এলাকার বগুড়া টেকনোলজিক্যাল ইনস্টিটিউট, শিববাটি এলাকার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ, কানুছগাড়ী এলাকার বগুড়া ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, শিববাটি এলাকার একাডেমিক অ্যান্ড প্রফেশনাল ইনস্টিটিউট, শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকার বগুড়া সেন্ট্রাল পলিটেকনিক ইনস্টিটিউট, শেরপুর উপজেলার শেরউড পলিটেকনিক ইনস্টিটিউট, শালফা এলাকার শালফা টেকনোলজিক্যাল ইনস্টিটিউট এবং খেঁজুরতলা মাল্টিপারপাস অ্যান্ড হায়ার পলিটেকনিক।
এ বিষয়ে তালিকাভুক্ত কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে সংশ্লিষ্টদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চিঠিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল এবং ডিপ্লোমা ইন এগ্রিকালচার শিক্ষাক্রম পরিচালনাকারী যেসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি হচ্ছে না, সেসব প্রতিষ্ঠানের ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত করা হবে। একই সঙ্গে তাদের পাঠদান অনুমোদন বাতিল বা প্রত্যাহারের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, দীর্ঘমেয়াদি শিক্ষার্থী সংকটের কারণে বগুড়াসহ উত্তরাঞ্চলের ১৪টি জেলার ৪০টি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৪ জুন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপসচিব মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৮ জুনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
কারিগরি শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শুধু উত্তরাঞ্চল নয়, একই কারণে সারা দেশের মোট ১৪৭টি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। এর মধ্যে রাজশাহী বিভাগের আট জেলার ৩৩টি এবং রংপুর বিভাগের ছয় জেলার সাতটি প্রতিষ্ঠান রয়েছে।
জেলাভিত্তিক তালিকায় সবচেয়ে বেশি প্রতিষ্ঠান রয়েছে বগুড়ায়। বগুড়ার আটটি, নওগাঁর সাতটি, রাজশাহীর ছয়টি, চাঁপাইনবাবগঞ্জের তিনটি, জয়পুরহাটের দুটি এবং সিরাজগঞ্জের একটি প্রতিষ্ঠান এ তালিকায় রয়েছে। এছাড়া রংপুর বিভাগের পঞ্চগড়ে দুটি এবং গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলায় একটি করে প্রতিষ্ঠান রয়েছে।
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২০-এর উপবিধি ৫.৪ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, গ্রন্থাগারসহ অনুমোদনের শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























