কুমিল্লায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। মঙ্গলবার (২৭ মে) সকালে নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রেহানা বেগমের ছেলে রামিম ইসলাম বাবু (২৭) ওই এলাকার মৃত মনিরুল ইসলামের ছেলে। ঘটনার পর পুলিশ তাকে নগরীর টমছমব্রীজ এলাকা থেকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাদকাসক্ত বাবু দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য মায়ের ওপর অত্যাচার করে আসছিল। সোমবার রাতেও একই কারণে মাকে মারধর করে সে। মঙ্গলবার সকালে টাকা না পেয়ে মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা রেহানা বেগমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী মাওলানা তাজুল ইসলাম বলেন, বাবুর অত্যাচারে তার মা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিলেন। এই নৃশংস ঘটনায় এলাকাবাসী হতবাক এবং ঘাতকের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, অভিযুক্ত বাবুকে আটক করা হয়েছে এবং আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















