সিরাজগঞ্জ শহরের পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে অ্যাপেন্ডিক্স অপারেশনের পর ভুল চিকিৎসার অভিযোগে সাবিনা খাতুন (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে হামলা ও ভাঙচুর চালান। মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার মুজিব সড়কের ১ নম্বর খলিফাপট্টি এলাকায় অবস্থিত পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
নিহত সাবিনা খাতুন পৌর এলাকার জানপুর বটতলা মহল্লার মৃত আব্দুল গণির মেয়ে এবং একই এলাকার আসিফ আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ মে অ্যাপেন্ডিক্সের সমস্যায় সাবিনা খাতুনকে পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন দুপুর সাড়ে ৩টার দিকে চিকিৎসক ডা. মুকুল হোসেন তার অস্ত্রোপচার করেন এবং অ্যানেস্থেশিয়ার দায়িত্বে ছিলেন জাকারিয়া হোসেন। অপারেশনের পর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে বগুড়ার ঠেঙ্গামারা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে গত সোমবার সন্ধ্যায় ঢাকার উত্তরার জিনজিং হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। বিকেলে মরদেহবাহী অ্যাম্বুলেন্স সিরাজগঞ্জে পৌঁছালে ক্ষুব্ধ স্বজনরা পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
নিহতের স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশনের জটিলতা ও ভুল চিকিৎসার বিষয়টি গোপন রেখেছে। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে ঘুরতে গিয়ে রোগীর অবস্থার আরও অবনতি হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বারবার রক্ত দিতে হয়েছে। চিকিৎসকদের অবহেলার কারণেই সাবিনা খাতুনের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তারা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্বজনরা।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক মো. কামাল হোসেন বলেন, অ্যাপেন্ডিক্স অপারেশনের পর রোগী ব্রেন স্ট্রোক করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ায় পাঠানো হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























