বগুড়ার শেরপুর থানা এলাকায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার ভাটরা গ্রামের মৃত আজিমুদ্দিন শেখের ছেলে ব্যবসায়ী আফছার আলীে শেখ বাদী হয়ে রোববার (১৭ মে) শেরপুর থানায় এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, বাদী আফছার আলী শেখ একজন মোবাইল ফোন ব্যবসায়ী । অভিযুক্ত মেহেদী, মিনহাজ, সাইদুল ও এনামুল তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আফছার আলীকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে।
বাদীর অভিযোগ অনুযায়ী, গত ১ এপ্রিল তিনি ভাটরা গ্রামের নিজ বাড়ি ও গভীর নলকূপ সেচ পাম্প ব্যবসা প্রতিষ্ঠান থেকে শেরপুরে বাসায় ফেরার পথে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ভাটরা ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কে পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করে। এসময় মেহেদী মন্ডল তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে বলা হয়। পরে ঘটনাস্থলে তার ভাই পৌঁছালে তাকেও এলোপাতাড়িভাবে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে মোট ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী উল্লেখ করা হয়েছে,পর্যায়ক্রমে নামের তালিকা : মেহেদী মন্ডল (৩০), সজিব (২০) , মিনহাজ মন্ডল (২৮), মিন্টু মন্ডল (৩২), সাইদুল ইসলাম (৪৫), মজিদ মন্ডল (৫৫), এনামুল হক (২৫), জাকারিয়া (২৫), শহিদুল ইসলাম (৩৫), ইসমাইল হোসেন (৩৫), আবু তাহের (২৫)।
এ বিষয়ে বাদী আফছার আলী শেখ এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি চাঁদা দাবি ও মারধর করার অভিযোগে মামলা দায়ের করার কথা স্বীকার করেন।
অভিযুক্ত মেহেদী মন্ডল বলেন, “সেদিন গ্রামে মেম্বার, চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমরাও সেখানে ছিলাম। গ্রামের লোকজন আফছারের ভাইকে কিছুটা মারধর করেছে, এটা সত্য। তবে চাঁদাবাজির অভিযোগ সত্য নয়।
ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























