তথ্য গোপন করে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা আজিজুল হকের বিরুদ্ধে গ্রেফতারি ও ক্রোকি পরোয়ানার আদেশ দিয়েছেন আদালত। বগুড়ার সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির সম্প্রতি এ আদেশ দেন।
সোমবার (৪ মে) দুপুরে দুদক বগুড়া কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. রোকনুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
আজিজুল হক বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি। তিনি শিবগঞ্জ পৌরসভার বানাইল এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে।
আদালত ও দুদক সূত্র জানায়, পলাতক আসামি আজিজুল হকের বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠলে দুদক প্রধান কার্যালয় থেকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। তিনি ২০২৩ সালের ১০ মে দুদক বগুড়া জেলা কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করেন।
দুদক কর্মকর্তাদের অনুসন্ধানে জানা যায়, আজিজুল হক সম্পদ অর্জনের তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেন। তিনি জ্ঞাত-আয়বহির্ভূত এক কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৮১৪ টাকার সম্পদ অর্জন করেছেন বলে দুদক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
দুদক বগুড়া জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক হাফিজুর রহমান ২০২৪ সালের ২৯ জানুয়ারি তার বিরুদ্ধে মামলা করেন। পরে তদন্ত শেষে দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. রোকনুজ্জামান গত বছরের ২৪ অক্টোবর বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে চার্জশিট দাখিল করেন।
এদিকে শুনানি শেষে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির গত ২৮ এপ্রিল আসামির বিরুদ্ধে গ্রেফতারি ও ক্রোকি পরোয়ানা জারির আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৫ মে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
দুদকের তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা দায়ের হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























