দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চুইঝাল চাষ কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। একসময় অবহেলায় বেড়ে ওঠা এই ভেষজগুণসম্পন্ন উদ্ভিদ এখন বাণিজ্যিকভাবে চাষ হয়ে উঠছে লাভজনক কৃষিপণ্য হিসেবে। দেশের বিভিন্ন অঞ্চলে চাহিদা বাড়ার পাশাপাশি রপ্তানির সম্ভাবনাও উজ্জ্বল হয়ে উঠছে।
চুইঝাল স্বাদ ও গুণে ইতোমধ্যে রসনাবিলাসীদের খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। বিশেষ করে মাংস রান্নায় এর ব্যবহার ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। চুইলতার শিকড়, কান্ড, পাতা ও ফল—সব অংশেই রয়েছে ভেষজ গুণাগুণ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে এখন অনেক কৃষকই চুইঝাল চাষে আগ্রহী হয়ে উঠছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রধানত দুই ধরনের চুইঝাল দেখা যায়—গেছো চুই ও ঝাড় চুই। গেছো চুই বড় গাছে ভর করে বেড়ে ওঠে, আর ঝাড় চুই মাটিতে ঝোপাকারে বৃদ্ধি পায়।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, অঞ্চলের ১০ জেলায় প্রায় ৩৯০ হেক্টর জমিতে চুইঝালের চাষ হচ্ছে। এর মধ্যে খুলনা জেলায় প্রায় ৬০ হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে এবং বছরে প্রায় ২৫০ মেট্রিক টন উৎপাদন হচ্ছে। ডুমুরিয়া উপজেলায় সবচেয়ে বেশি চাষ হলেও পাইকগাছা, বটিয়াঘাটা, রূপসা ও ফুলতলা উপজেলাতেও এর বিস্তার ঘটছে।
বাজারে চুইঝালের চাহিদা ও দাম তুলনামূলক বেশি। পাইকারি বাজারে প্রতি কেজি চুইঝাল ১,০০০ থেকে ১,৫০০ টাকায় বিক্রি হচ্ছে, যা কৃষকদের জন্য লাভজনক হয়ে উঠেছে। ২০২৪-২৫ অর্থবছরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় ৮০০ টন চুইঝাল উৎপাদিত হয়েছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
বটিয়াঘাটার কৃষক শরীফ শাকিল জানান, দুই বিঘা জমিতে চুইঝাল চাষ করে তিনি ভালো আয় করছেন। ডুমুরিয়ার কৃষক মিরাজুল ইসলাম বলেন, “শখের বসে শুরু করলেও এখন এটি আমার প্রধান আয়ের উৎসে পরিণত হয়েছে।”
স্থানীয়দের মতে, চুইঝাল দিয়ে রান্না করা গরুর মাংস এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী খাবার, যা এখন সারা দেশেই জনপ্রিয় হয়ে উঠেছে।
কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিতভাবে চাষাবাদ ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে চুইঝাল দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























