দীর্ঘ ১০ বছর পর কেন্দ্রীয় কাউন্সিলের প্রস্তুতি নিতে শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। দিনক্ষণ চূড়ান্ত না হলেও চলতি বছরের ঈদুল আজহার পর দলটির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের কাউন্সিলকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে দলের শীর্ষ দুই পদ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। দলটির চেয়ারম্যান ও মহাসচিব পদে পরিবর্তন আসতে পারে বলে গুঞ্জন রয়েছে।
দলীয় সূত্র বলছে, এবারের কাউন্সিলের সবচেয়ে বড় চমক হতে পারে মহাসচিব পদে পরিবর্তন। বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি রাজনীতি থেকে অবসর নিতে চান। ২০১৬ সালের ৩০ মার্চ থেকে মহাসচিবের দায়িত্ব পালন করা এই বর্ষীয়ান নেতা ক্লান্ত ও অসুস্থ বোধ করার কথা উল্লেখ করে বলেন, আগামী কাউন্সিল পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন এবং এরপর নতুন কারও হাতে দায়িত্ব হস্তান্তর করতে চান।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, ‘আমি খুবই ক্লান্ত। আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নিতে চাই। আমার অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে যাচ্ছি।’ রাষ্ট্রপতি হওয়ার কোনো আকাক্সক্ষা তার নেই বলেও জানান তিনি।
মহাসচিব পদে মির্জা ফখরুলের উত্তরসূরি হিসেবে বেশ কয়েকজনের নাম আলোচনায় আছে। এদের মধ্যে রয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সালাহউদ্দিন আহমেদকে জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন মনে করা হয়। এরপর যার নাম আলোচনায় রয়েছে, তিনি হলেন দলটির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নামও রয়েছে এই তালিকায়।
২০১৮ সালে দুর্নীতির মামলায় দলের চেয়ারপার্সন খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যাওয়ায় গঠনতন্ত্রের ৭(গ) ধারা অনুযায়ী পদাধিকার বলে ৮ বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকা তারেক রহমান। তবে গত বছরের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর গত ৯ জানুয়ারি স্থায়ী কমিটির বৈঠকে তিনি ভারমুক্ত হয়ে পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। ১৭ বছর পর দেশে ফিরে তিনি বর্তমানে সরকার পরিচালনার পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে মনোনিবেশ করেছেন। গঠনতন্ত্র অনুযায়ী এবারের কাউন্সিলে তাকেও পুনরায় নির্বাচিত হতে হবে।
এছাড়া দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ১৯টি পদের মধ্যে বেশ কিছু শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থায়ী কমিটিতে স্থান পেতে পারেন এমন সম্ভাব্য নেতাদের তালিকায় আছেন রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, আব্দুল আউয়াল মিন্টু, জয়নুল আবদিন, জয়নুল আবদীন ফারুক, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুন নবী খান সোহেল। স্থায়ী কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হতে পারে বলেও দলটির একটি সূত্র ইঙ্গিত দিয়েছে।
মূল দলের পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকেও ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। জানা গেছে, ১১টি সংগঠনের মধ্যে ১০টিই বর্তমানে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ অন্যান্য সংগঠনে নতুন নেতৃত্ব আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অনেক শীর্ষ নেতা বর্তমানে মন্ত্রিসভা ও সংসদের দায়িত্বে যুক্ত হওয়ায় এসব সংগঠনে শূন্যতা তৈরি হয়েছে।
বিএনপির নীতিনির্ধারকরা আশা করছেন, এবারের কাউন্সিল অতীতের চেয়ে অনেক বেশি উৎসবমুখর হবে। সারাদেশে সাংগঠনিক জেলা ও উপজেলা কমিটিগুলো পুনর্গঠনের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর কাউন্সিল হওয়ার কথা থাকলেও সর্বশেষ ষষ্ঠ কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ। রাজনৈতিক প্রতিকূলতা, ফ্যাসিবাদের সময়কার বাধা এবং দীর্ঘ আন্দোলন-সংগ্রামের কারণে দীর্ঘ ১০ বছর কাউন্সিল আয়োজন সম্ভব হয়নি বলে জানিয়েছেন দলের নেতারা। ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিএনপি মোট ৬টি কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন করেছে।
বিএনপির প্রথম কাউন্সিল হয়েছে ১৯৭৮ সালের ১-২ সেপ্টেম্বর। এতে জিয়াউর রহমান দলের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮১ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর ১৯৮২ সালের ২৬-২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় কাউন্সিলে চেয়ারম্যান হন বিচারপতি আব্দুস সাত্তার। ১৯৮৪ সালের পর থেকে দায়িত্ব পান খালেদা জিয়া। তৃতীয় কাউন্সিল ১৯৮৮ সালের ৩-৪ মার্চ, চতুর্থ ১৯৯৩ সালের ৪-৫ সেপ্টেম্বর ও পঞ্চম কাউন্সিল হয় ২০০৯ সালের ৮ ডিসেম্বর। তৃতীয় কাউন্সিল থেকে ষষ্ঠ কাউন্সিল পর্যন্ত প্রতিবারই চেয়ারপার্সন নির্বাচিত হন খালেদা জিয়া।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























