ইরান যুদ্ধের তৃতীয় সপ্তাহ শেষ হয়েছে। যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সংকটের মুখোমুখি দাঁড়িয়েছেন—পরিস্থিতি ক্রমশ তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী, মিত্রদের কাছ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ‘স্বল্পমেয়াদি অভিযান’ হবে—প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। নিজের দেওয়া প্রতিশ্রুতির তোয়াক্কা না করেই মধ্যপ্রাচ্যে আরও বিপুলসংখ্যক সৈন্য মোতায়েনের প্রস্তুতি চলছে। আগামীতে কী হতে পারে তা নিয়ে অস্থিরতা বাড়ছে।
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে অস্বীকৃতি জানানোয় ন্যাটোর সদস্য দেশগুলোকে ‘কাপুরুষ’ বলে গালি দিচ্ছেন আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত ট্রাম্প। তার দাবি, পরিকল্পনা অনুযায়ীই সবকিছু এগোচ্ছে। গত শুক্রবার এক ঘোষণায় তিনি বলেন, ‘সামরিকভাবে জয় নিশ্চিত হয়েছে।’
তবে তার এই দাবির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বরং ইরান এখন আরও অনমনীয়; তারা পারস্য উপসাগরে তেল-গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে এবং পুরো অঞ্চলজুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রকে ‘বোকার মতো’ সামরিক হস্তক্ষেপ থেকে দূরে রাখার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প এখন নিজেই শুরু করা এই যুদ্ধের গতিপ্রকৃতি বা প্রচার—কোনোটিই নিয়ন্ত্রণ করতে পারছেন না। যুদ্ধের কোনো সুস্পষ্ট ‘এক্সিট স্ট্র্যাটেজি’ না থাকায় তার রাজনৈতিক ভাবমূর্তি ও দলের ভবিষ্যৎ বড় ধরনের ঝুঁকির মুখে। বিশেষ করে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে যেখানে রিপাবলিকানরা হিমশিম খাচ্ছে, সেখানে এই যুদ্ধ গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় প্রশাসনের সাবেক মধ্যপ্রাচ্যবিষয়ক আলোচক অ্যারন ডেভিড মিলার বলেন, ট্রাম্প নিজের জন্য ‘ইরান যুদ্ধ’ নামের একটি খাঁচা তৈরি করেছেন। এখন তিনি সেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না। এটিই এখন তার চরম হতাশার কারণ।’
অবশ্য হোয়াইট হাউসের এক কর্মকর্তা এমন অবস্থার কথা স্বীকার করতে নারাজ। তিনি বলেন, ইরানের শীর্ষ পর্যায়ের অনেক নেতাকে ‘টার্গেটেড কিলিং’-এর মাধ্যমে নির্মূল করা হয়েছে। দেশটির নৌবাহিনীর বড় অংশ ডুবিয়ে দেওয়া হয়েছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারও প্রায় ধ্বংস করা হয়েছে। ওই কর্মকর্তার মতে, ‘এটি নিঃসন্দেহে একটি অবিসংবাদিত সামরিক সাফল্য।’
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























