চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রাজু (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাতে উপজেলার মাদামবিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. রাজু উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাদামবিবিরহাট এলাকার আব্দুল খালেক সারেং বাড়ির মো. হারুনের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ইফতারের আগে এলাকায় দুই পক্ষের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়। এ সময় রাজুর আত্মীয় মো. আজম ঝগড়ায় জড়িয়ে পড়েন। রাজু তাকে ঝগড়া থেকে বিরত থাকতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ৯টার দিকে আজম ও তার চার ছেলে রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বোন তাহমিনা আক্তার জানান, আজম তার মায়ের মামাতো ভাই। ঝগড়া করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে রাতে তার ভাইকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আজমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























