আগামী চারদিন সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামসহ আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বাকি সাত বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টির প্রবণতা আরও বাড়ার কথা জানানো হয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বাকি বিভাগে দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই আবহাওয়ার কথা জানানো হয়েছে। সিলেটসহ দেশের সব বিভাগেই অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। এদিনও সারা দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















