রাজধানীর মহাখালী বাস টার্মিনালে শুধু নারীদের জন্য দেশের প্রথম গণ-শৌচাগার ‘অনন্যা’ চালু হয়েছে। ওয়াটারএইড বাংলাদেশ ও সুইডিশ দূতাবাস সহযোগিতায় গণ-শৌচাগার তৈরি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
সোমবার (১৭ মার্চ) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি গণ-শৌচাগারটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নারীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এটি দারুন উদ্যোগ। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে তিনি আশা করেন।
ওয়াটারএইডের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন অনেক নারী যাত্রী, কর্মজীবী নারী ও পথচারী মহাখালী বাস টার্মিনাল এলাকা দিয়ে যাতায়াত করেন। সেখানে নিরাপদ ও পরিচ্ছন্ন টয়লেট সুবিধা না থাকায় অনেক নারীকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হতো। এ ছাড়া নারীদের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এখানে স্যানিটারি প্যাডের ব্যবস্থা রাখা হয়েছে। নতুন মায়েদের জন্য রয়েছে একটি ব্রেস্টফিডিং রুম এবং বেবি ডায়াপার পরিবর্তনের স্টেশন, যাতে শিশুসহ ভ্রমণকারী মায়েরা সহজেই তাদের শিশুর যত্ন নিতে পারেন।
‘অনন্যা’ টয়লেটটি নারীদের প্রয়োজন বিবেচনায় পরিকল্পনা ও নকশা করা হয়েছে। এখানে রয়েছে প্রতিবন্ধী নারী ব্যবহারকারীদের জন্য একটি সহজে প্রবেশযোগ্য চেম্বার, যাতে শারীরিক প্রতিবন্ধকতা থাকা নারীরাও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন। বেসরকারি সংস্থা ‘ভূমিজ’ টয়লেটটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে।
ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, এটি শুধু একটি টয়লেট নির্মাণ নয়, বরং নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই উদ্যোগকে অনুসরণ করে শহরজুড়ে নারীবান্ধব পাবলিক টয়লেট স্থাপনে এগিয়ে আসবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























