মাগুরায় ঢাকা–খুলনা মহাসড়কের কেষ্টপুর এলাকায় ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে মোটরসাইকেলের ওপর পড়ায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার নারকেল গ্রামের সাহা পাড়ার ভজন দত্তের ছেলে প্রান্ত দত্ত (২৬) ও একই উপজেলার ঘাসিয়াড়া গ্রামের খালদিয়ের পাড়ার দিপুল মোল্যার ছেলে মাহবুব (২৭)।
মাগুরা রামনগর হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, শুক্রবার রাতে প্রান্ত দত্ত ও মাহবুব একই মোটরসাইকেলে করে নাকোল এলাকা থেকে মাগুরা শহরের দিকে আসছিলেন। পথে ঢাকা–খুলনা মহাসড়কের কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঝোড়ো বাতাসে একটি গাছের মরা ডাল ভেঙে তাদের মোটরসাইকেলের ওপর পড়ে। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা প্রান্ত দত্তকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মাহবুবকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
মর্মান্তিক এ ঘটনায় শ্রীপুর উপজেলার নাকোল ও ঘাসিয়াড়া গ্রামে নিহত দুই যুবকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























