ক্যারাওয়ে সিড, দেখতে প্রায় জিরার মতো, তবে জিরা নয়, জিরার বাজার মূল্যর অর্ধেক মূল্য। একারণে জিরার সঙ্গে মিশিয়ে বিক্রি হচ্ছে দেদারসে। এমন ভেজাল জিরা তৈরির খবরে যৌথ অভিযানে ভেজাল জিরা তৈরির কারখানা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার এরুলিয়া কৃষ্ণপুর পূর্বপাড়ায় মেসার্স শাহীন ট্রেডার্স নামে মসলা কারখানায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসন, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং র্যাব-১২ সিপিএসসি বগুড়ার সদস্যরা যৌথ অভিযানে অংশ নেন।
নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল জানান, অভিযান পরিচালনাকালে দেখা যায়, আমদানিকৃত মসলা জিরার সঙ্গে জিরা সদৃশ তুলনামূলক অর্ধেক মূল্যমানের “ক্যারাওয়ে সিড” মিশ্রণ করে জিরার দামে বাজারে বিক্রির উদ্দেশ্যে মোড়কজাত করে সংরক্ষণ করছে।
তিনি আরও জানান, আমদানিতে “ক্যারাওয়ে সিড” নামে ঘোষণা থাকলেও ভারতীয় ব্র্যান্ড “ডায়মন্ড” জিরা নামে নকল মোড়কে বাজারে বিক্রি করছিল। এসব অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ এর নেতৃত্বে মোবাইল কোর্টে নিরাপদ খাদ্য আইনে কারখানা মালিক মো. শাহিন আলমকে ৩ তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-১২, কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদসহ র্যাব-১২ এর একটি আভিযানিক দল।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























