বগুড়ার শেরপুর উপজেলার যানবাহনের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল কিনতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাসাধারণকে।
সরকার তেল বিক্রিতে সীমা নির্ধারণ করে দিলেও শুক্রবার (৬ মার্চ) শেরপুরে জ্বালানী তেলের ক্রেতারা প্রাপ্য তেল কিনতে পারছে না বলে অভিযোগ।
একজন বাইক চালক অভিযোগ করে বলেন, শেরপুর শহরের জগন্নাথপাড়ায় উপজেলা পরিষদের পূর্ব পাশের্^ অবস্থিত একটি তেল পাম্পে পেট্রোল নিতে গেলে তারা তেল বিক্রি বন্ধ রয়েছে বলে জানান।
এছাড়া অন্যান্য তেল পাম্পেও গ্রাহকদের চাহিদামত তেল না দিয়ে ফিরিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলে ক্রেতা সাধারণ মনে করেন।
দেশে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ে জনমনে সৃষ্টি হওয়া উদ্বেগ এবং অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। একই সঙ্গে যানবাহনভিত্তিক জ্বালানি সরবরাহের একটি দৈনিক কোটা নির্ধারণ করা হয়েছে, যাতে মজুদ ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা যায় এবং অযৌক্তিক মজুদ ঠেকানো সম্ভব হয়।
চট্টগ্রামের বিপিসি কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য জ্বালানি তেলের ব্যবহার অপরিহার্য হলেও ব্যবহৃত তেলের প্রায় ৯৫ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে কখনও কখনও আমদানি কার্যক্রম বিলম্বিত বা বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মজুদ পরিস্থিতি নিয়ে নেতিবাচক খবর ছড়িয়ে পড়ায় অনেক ভোক্তা ও ডিলারের মধ্যে অতিরিক্ত জ্বালানি সংগ্রহের প্রবণতা দেখা যাচ্ছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























