বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে শাহ সুলতান বলখী (রহ.)-এর নাম ব্যবহার করে পরিচালিত একটি আবাসিক বোর্ডিংয়ে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় এক নারী, এক খদ্দের ও বোর্ডিংয়ের পরিচালক চাঁন মিঞাসহ তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (০৬ মার্চ) বেলা ১১টার দিকে শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহিনের নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) রাজিব ও হোসেন আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম মহাস্থান ইসলামী ব্যাংক সংলগ্ন সাখাওয়াত ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত ‘শাহ সুলতান আবাসিক বোর্ডিং’-এ অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রায়নগর ইউনিয়নের সেকেন্দ্রাবাদ গ্রামের চাঁন মিঞা দীর্ঘদিন ধরে বোর্ডিং ভাড়া নিয়ে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সংবাদকর্মীরা সরেজমিনে গিয়ে বোর্ডিংয়ে কয়েকজন নারীর উপস্থিতি টের পান। তবে পুলিশ বা সংবাদ কর্মীদের উপস্থিতি টের পেয়ে একটি কক্ষের জানালা কেটে তৈরি করা গোপন পথ দিয়ে নারী ও খদ্দেরদের পালিয়ে যেতে সহায়তা করা হতো।
এ ঘটনায় সংবাদ কর্মীদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে বোর্ডিং পরিচালক চাঁন মিঞার বিরুদ্ধে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে বিষয়টি শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহিনের নজরে এলে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পুরো বোর্ডিং ঘেরাও করে তল্লাশি চালিয়ে এক নারী, এক খদ্দের এবং মূল অভিযুক্ত চাঁন মিঞাকে আটক করা হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























