Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

বগুড়ায় সেমাই কারখানায় লাখ টাকা জরিমানা

শেরপুর নিউজ ডেস্ক:
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে বগুড়ার দুইটি সেমাই কারখানায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বগুড়া সদর এলাকায় পরিচালিত এ অভিযানে আটা পাড়ার ইসলামিয়া লাচ্ছা সেমাই কারখানাকে ১ লাখ টাকা এবং বৃন্দাবন পাড়ার জেমি লাচ্ছা সেমাই কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান চলাকালে দেখা যায়, কারখানাগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করা হচ্ছে এবং ময়দার ডো পায়ে মাড়িয়ে তৈরি করা হচ্ছে। এছাড়া অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহার করে উৎপাদন ও মোড়কজাত করা, ডালডা গলানো এবং পোড়া তেল ব্যবহার করে সেমাই তৈরি করার মতো গুরুতর অনিয়মও ধরা পড়ে। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আরোপ করা হয়।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল ও ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরকারের প্রচলিত আইন ও বিধি মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও বাজারজাত করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us