শেরপুর নিউজ ডেস্ক:
রাজবাড়ীতে মো. জাহিদ হাসান (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পশ্চিম বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজনের সঙ্গে পূর্ব বিরোধ ও টাকার লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের বড় ভাই মামুন ফকির জানান, সকালে ৪ থেকে ৫ জন ব্যক্তি তাদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করে এবং তার ছোট ভাইয়ের কাছে ২ হাজার ৫০০ টাকা পাওনা দাবি করে। পরে দুপুরের দিকে জাহিদ হাসানের ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জাহিদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরুল ইসলাম আজম জানান, বেলা ১টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
নিহতের পিতা মাহাতাব ফকির বলেন, পূর্ব পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাসেল জানায়, পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























