শেরপুর নিউজ ডেস্ক:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর জসিম উদ্দিন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টেংরাখালি গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জসিম উদ্দিন পার্শ্ববর্তী দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে মাঠ থেকে ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জসিম।
দুপুর গড়িয়ে বিকেল হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে টেংরাখালি গ্রামের মাঠের একটি নির্জন ভুট্টাক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমান বলেন, ‘জসিমের গলায় লোহার তার লাগানো ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে পেটানোর গুরুতর জখম রয়েছে। তাকে নৃশংসভাবে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই যুবককে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।’
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























