শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের সাকাটিয়া বাজারে চাচা-ভাতিজার মধ্যে জমি সংক্রান্ত বিরোধের কারণে একটি ভাজি–পুরির দোকানঘর ভাংচুর হওয়ার ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
ভুক্তভোগী মোঃ ফরহাদ প্রামানিক (৪২) শনিবার রাতে শেরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি একই গ্রামের জিল্লুর রহমানের পুত্র। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে তার আপন চাচা দোলা প্রামানিক ও পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। পূর্বে থানায় অভিযোগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দরবার শালিস অনুষ্ঠিত হলেও তা মানা হয়নি।
অভিযোগে বলা হয়, গত ৩১ জানুয়ারি সকাল ৯টার দিকে দোলা প্রামানিক (৪৫), লুৎফর প্রামানিক (৬০), চাঁন মিয়া (৪৮), মেহেদী (২২) ও অজ্ঞাতনামা আরও ২–৩ জন তার দোকানে গিয়ে তাকে দোকান ছেড়ে যেতে বলেন। ফরহাদ অস্বীকৃতি জানালে তারা গালিগালাজ শুরু করে এবং ফরহাদ, তার স্ত্রী রাজিয়া বেগম (৩৫) ও ১২ বছরের কন্যা মোছাঃ ফারজানা খাতুনকে মারধর করে আহত করে।
পরে আহতরা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। অভিযুক্তরা দোকানঘর ভাংচুর করে মালামাল নষ্ট করে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি করে এবং ক্যাশ ড্রয়ারে থাকা ১০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগে উল্ল্যেখ করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























