শেরপুর নিউজ ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় এসে প্রথমে ওখানে কোদাল দিয়ে তিস্তাতে আঘাত করব। তিস্তাকে সজীব করা হবে। তিস্তা সজীব হলে উত্তরাঞ্চলের মানুষ সজীব হবে। আমরা কথা রাখতে চাই। আমরা রাজনীতির জন্য কথা বলতে চাই না। উত্তরবঙ্গকে নতুন করে সাজাবো। তাই তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
শুক্রবার রাত ৯টায় নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে রংপুর জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা মিথ্যা আশ্বাস দিতে চাই না। আমরা বেকার ভাতা দিতে চাই না, বেকারের কারখানা বানাতে চাই না। বেকারত্ব ঘোচাতে চাই। তাই বেকার ভাতার পরিবর্তে মর্যাদা সম্পন্ন কাজ দিতে চাই। যোগ্যদের যোগ্য মতে কাজের ব্যবস্থা করে দিতে চাই।
তিনি আরও বলেন, আমরা কথা দিলে কথা রাখি। ৫ আগস্টের পর কথা দিয়েছিলাম, আমরা মামলা বাণিজ্য করব না। আমার হাজার হাজার মামলা করি নাই। আমরা চাঁদাবাজি করি নাই। আমরা বলি নাই, তোমার নামটা ভুলে মামলায় ঢুকে গেছে, বের করতে হলে কিছু খাজনা দিতে হবে। আমরা কোনো নিরীহ ও নিরপরাধ মানুষকে জেলের ভাত খাওয়াতে চাই না।
জামায়াতের আমির বলেন, ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয়। ধর্ম অন্তরের আবেগের বিষয়। আমরা বাংলাদেশকে ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। অনেকে বলে কেমন হবে বাংলাদেশ। বলতে চাই, আমরা দেশকে ইরান, পাকিস্তান, আফগানিস্তান বানাতে চাই না। আমরা গর্বের বাংলাদেশ বানাতে চাই।
তিনি বলেন, রংপুরের মানুষ এতো ভালো যে, নিজেদের দাবিটাও ভালোভাবে বলতে পারে না। তাই বলে আমরা সৎ ভাইয়ের আচরণ করতে পারি না। রংপুর তথা উত্তরাঞ্চল শস্যভাণ্ডার। তাই এগ্রোভিত্তিক কলকারখানা তৈরি করা হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিক্ষেত্রের বিপ্লব ঘটাতে হবে। উত্তরবঙ্গ হবে কৃষি বিপ্লবের রাজধানী। এজন্য কৃষি ভিত্তিক ভার্সিটি করা হবে। কলকারখানা করা হবে। বিদেশি বিনিয়োগ হবে। আমরা চাই না উত্তরবঙ্গ আর বঞ্চিত হউক।
তিনি আরও বলেন, আমরা সরকার পরিচালনায় দক্ষ তা ইতিপূর্বে প্রমাণ দিয়েছি। আমাদের তিন ভাই তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তারা সততার ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
রংপুর জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় মহানগর জামায়াতের সভাপতি এটিএম আজম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির ও রংপুর-২ আসনের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন, জামায়াতের কেন্দ্রীয় সদস্য ও রংপুর ৩ আসনের প্রার্থী মাহবুবার রহমান বেলাল, রংপুর-১ আসনের জামায়াতের প্রার্থী রায়হান সিরাজী, জেলা জামায়াতের আমির ও রংপুর-৫ আসনের প্রার্থী গোলাম রব্বানী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগতুল্লাহ সিগবাসহ অন্যান্য নেতারা।
এ সময় ১০ দলীয় নির্বাচনি জোটের রংপুরের ৬টি সংসদীয় আসনের প্রার্থীদের সবার কাছে পরিচয় করিয়ে দিয়ে দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীকে ভোট চান জামায়াতে ইসলামীর আমির।





Users Today : 104
Users Yesterday : 133
Users Last 7 days : 926
Users Last 30 days : 4979
Users This Month : 366
Users This Year : 13853
Total Users : 535173
Views Today : 179
Views Yesterday : 191
Views Last 7 days : 1486
Views Last 30 days : 7605
Views This Month : 570
Views This Year : 22453
Total views : 812568
Who's Online : 3