শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার নন্দীগ্রামে বেপরোয়া গতিতে মোটরসাইকেলে চালাতে গিয়ে ভটভটির সঙ্গে সংঘর্ষে আকাশ মিয়া (১৮) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের মনিনাগ এলাকায় কাথম-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার সকালে নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আকাশ মিয়া বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মুরারিদীঘি গ্রামের সৌদি আবর প্রবাসী বাদশাহ মিয়ার একমাত্র ছেলে। তিনি ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
আকাশ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে কালীগঞ্জ থেকে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে নন্দীগ্রামের মনিনাগ এলাকায় কাথম-কালিগঞ্জ সড়কে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেন। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গিয়ে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























