শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলায় গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামে মিনতি খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে।
স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ২ টার দিকে বাড়িতে হঠাৎ পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মিনতি খাতুন। পরে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে স্বজনরা জানান।
নিহত মিনতি খাতুনের স্বামী কবির হোসেন বাবু (৪২)। তার পিতার নাম কব্বাত সরকার। প্রায় ১৫ বছর আগে ধুনট সদর উপজেলার চালাপাড়া-চৈতাপাড়া গ্রামের মোজহার আলীর মেয়ে মিনতির সঙ্গে বাবুর বিয়ে হয়। তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে।
নিহতের স্বামী কবির হোসেন বাবু জানান, ব্যবসায়িক কাজে তিনি রাত ২ টার দিকে শেরপুর কলেজ রোড এলাকায় ছিলেন। পরে বাড়িতে ফিরে জানতে পারেন তার স্ত্রী হঠাৎ পড়ে গেছেন। বাইকের হর্ন দিলে দরজা খুলে দেওয়া হয়। এরপর স্বজনদের সহায়তায় তাকে অটোরিকশায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























